এবার হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

জুলাই আন্দোলন কেন্দ্রিক গুলশান থানার ভ্যান চালক হত্যাচেষ্টা মামলার পর এবার একই থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম গত ১২ আগস্ট সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী।
ওইদিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা করেন।
গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। পরে হেফাজতে নিয়ে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।
ভোরের আকাশ/এসএইচ