১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই বলেছেন, ‘‘আমার মনে হয়, এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যান্সার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক ব্যাধি অতীত ইতিহাসে পরিণত হবে।’’
আর এসব কোনো অজানা বা দুর্লভ শারীরিক সমস্যা নয়, বিশ্বের লাখ লাখ পরিবার এতে আক্রান্ত এবং কিছু রোগ আজ পর্যন্ত চিকিৎসার জগতে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। আমোদেই বলেছেন, আমরা যদি এটি সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা অলৌকিক এক যুগ সৃষ্টি করতে পারব। যেখানে মানবজাতি এমন সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে, যা হাজার বছর ধরে আমাদের নাগালের বাইরে ছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) এমন এক প্রযুক্তি হিসেবে দেখছেন আমোদেই, যা জীববিজ্ঞানের গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসা ক্ষেত্রের বড় অর্জনগুলোকে নাটকীয়ভাবে ত্বরান্বিত করতে সক্ষম।
আমোদেই একা নন। ইলন মাস্ক এবং গুগল এআইয়ের প্রধান ডেমিস হাসাবিসসহ অন্যান্য এআই নেতাদের কণ্ঠেও তার এই প্রতিশ্রুতির প্রতিধ্বনি শোনা গেছে। হাসাবিস বলেছেন, এআই ওষুধ আবিষ্কারের এক দশকের কাজকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে; যা এক দশকের মধ্যে 'রোগের অবসান' ঘটাতে বা সব রোগের নিরাময় নিশ্চিত করতে পারে।
হাসাবিস আলফাফোল্ডের মতো যুগান্তকারী অর্জনের কথা তুলে ধরেছেন; যা ২০০ মিলিয়নেরও বেশি প্রোটিনের গঠন রহস্য উন্মোচন করেছে এবং এটিকে প্রমাণ হিসেবে দেখিয়েছেন যে, এআই জীববিজ্ঞানের গবেষণাকে আমূল ত্বরান্বিত করতে পারে।
আলফাফোল্ড প্রকৃতপক্ষে একটি বৈজ্ঞানিক সাফল্য হলেও এআই যে এক দশকের মধ্যে ক্যান্সার, আলঝেইমার বা অন্যান্য জটিল রোগের নিরাময় তৈরি করতে পারবে, সেটির কোনও প্রমাণ নয়। ইলন মাস্ক বলেছেন, এআই প্রযুক্তির অগ্রগতির কল্যাণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে মানের সেরা চিকিৎসা পান, সমগ্র মানবজাতি সেই একই মানের সেরা চিকিৎসা সেবা পাবেন।
তবে এখানে একটি জটিলতা রয়েছে। যারা প্রকৃতপক্ষে ওষুধ তৈরি করেন, তারা এই সময়সীমা সহজে মেনে নিচ্ছেন না।
ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এই সময়সীমাকে একদম বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ১০ হাজার ওষুধের উপাদান বিশ্লেষণ করতে ভার্টেক্স প্রায় ৫০টি এআই কোম্পানিকে পরীক্ষা করে দেখেছে। কিন্তু তার মধ্যে একটি কোম্পানিও একা কোনও কার্যকরী ওষুধ তৈরি করতে পারেনি।
ওষুধ শিল্পের প্রধানরা জোর দিয়ে বলেছেন, প্রাথমিক অণু আবিষ্কারের গতি বাড়ানো মানেই ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা, কিংবা প্রাণী ও মানবদেহে বায়োলজিক্যাল পরীক্ষা এড়িয়ে যাওয়া নয়; যে ধাপগুলো ওষুধ তৈরির ১০ থেকে ১২ বছরের লম্বা প্রক্রিয়ার সিংহভাগজুড়ে থাকে।
কম্পিউটার স্ক্রিনে দেখতে আশাব্যঞ্জক মনে হওয়া কোনও অণু খুঁজে পাওয়া কেবল একটি শুরু। ওষুধ নিরাপদ এবং সত্যিই কার্যকর কি না তা নিশ্চিত করতে এটিকে ল্যাবরেটরি, প্রাণী এবং পরিশেষে মানবদেহের ক্লিনিক্যাল ট্রায়ালে পরীক্ষা করতে হয়। এআই হয়তো সম্ভাব্য চিকিৎসার অনুসন্ধানকে দ্রুততর করতে পারে। তবে এই ধাপগুলোকে হঠাৎ করে উধাও করে দিতে পারে না।
কগনিটিভ বিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদরোগ বিশেষজ্ঞ ও ডিজিটাল মেডিসিন বিশেষজ্ঞ এরিক টোপলের মতো সমালোচকেরা বলছেন, নির্ভরযোগ্যভাবে যুগান্তকারী চিকিৎসা পেতে যে গভীর কার্যকারণ ও জৈবিক বোধ থাকা প্রয়োজন, বর্তমান এআই মডেলগুলোতে তার অভাব রয়েছে; এবং ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশা করা কোনও ওষুধ পুরোপুরি চিকিৎসায় ব্যবহারের অনুমোদন পায়নি।
এমন সময়সীমায় চিকিৎসার বড় বড় সাফল্যের কথা দেওয়ার ইতিহাস আগেও রয়েছে, যা পরে কখনো বাস্তবে রূপ নেয়নি। ১৯৭০-এর দশকের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ তেমনই এক উদাহরণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরনের উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যদ্বাণী বিজ্ঞান বর্তমানে যা দিতে সক্ষম, তার চেয়ে জনগণের প্রত্যাশাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে।
সূত্র: এনডিটিভি।
ভোরের আকাশ/এনএস