সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার এ তথ্য দেওয়ার পর একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এতে দেখা যাচ্ছে, আকাশে উড়তে থাকা যুদ্ধবিমানটিকে টার্গেট করা হচ্ছে।
ভিডিওর আরেক অংশে দেখা গেছে, একটি পাহাড়ের পাদদেশে বিশাল আগুন জ্বলছে। শেষে দেখা যাচ্ছে, হুথি যোদ্ধারা সৌদির যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছেন। এ সময় যুদ্ধবিমানের লেজের অংশটিতে সৌদি আরবের পতাকাও দেখা যাচ্ছে।
সৌদি আরব অবশ্য এখন পর্যন্ত যুদ্ধবিমান ধ্বংস নিয়ে কোনো মন্তব্য করেনি।
হুথি বিদ্রোহীদের আরেক নাম আনসারুল্লাহ। এই গোষ্ঠীর বেশিরভাগ সদস্য জায়েদি শিয়া মুসলিম। তারা ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে।
সৌদির যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেছেন, “আমাদের জনগণ ও দেশের বিরুদ্ধে নৃসংশ আগ্রাসনের মধ্যে, সৃষ্টিকর্তার সহায়তা ও কৃপায় আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এটি মারিবের আকাশসীমায় শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল সেখানে থাকা তাদের সেনাদের জড়ো করায় সহায়তা করতে।”
ইয়েমেনে স্থানীয়ভাবে তৈরি একটি সারফেস টু এয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, হুথিরা যুদ্ধবিমানটি হেলান পাহাড়ের কাছে ধ্বংস করেছে। যা মারিবের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত। ভিডিওটি দেখুন এখানে
সূত্র: মেহের নিউজ
ভোরের আকাশ/এনএস