কিমের ছেলে নিয়ে রহস্য, মেয়েই কি হতে যাচ্ছেন পরবর্তী উত্তরসূরি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের কিশোরী মেয়ে কিম জু আয়ে-ই দেশটির পরবর্তী উত্তরসূরি হতে যাচ্ছেন বলে জোরালো আভাস পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, কিম জু আয়ে বর্তমানে ‘উত্তরসূরি মনোনয়ন’ বা ‘সাকসেসর-ডিজাইন ক্রাইটেরিয়া’ পর্যায়ে পৌঁছে গেছেন।
অপরদিকে, কিমের একটি গোপন বড় ছেলে থাকার গুঞ্জন দীর্ঘদিনের হলেও, দক্ষিণ কোরীয় গোয়েন্দারা এখনো তার অস্তিত্বের কোনো অকাট্য প্রমাণ পাননি।
কারণ উত্তর কোরিয়ার মতো পুরুষতান্ত্রিক রাষ্ট্রে একজন নারীকে সর্বোচ্চ ক্ষমতায় বসানোর বিষয়টি সহজ হবে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। খবর এনবিসি নিউজের।
২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) সংসদীয় একটি কমিটিকে কিম জু আয়ের বড় ভাই থাকার তথ্য জানিয়েছে। তবে পরে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেনি। পরে এনআইএস জানিয়েছিল, কিম জং উনের একজন ছেলে সন্তান রয়েছে, এমন খবরের সত্যতা যাচাইয়ের চেষ্টা তখনও চলছিল।
উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে এই তথ্য গুরুত্বপূর্ণ। ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর থেকে দেশটির তিন নেতা রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন- কিম ইল সুং, কিম জং ইল ও কিম জং উন। তিনজনই কিম পরিবারের পুরুষ সদস্য।
ফলে কিম জু আয়ে ভবিষ্যতে ক্ষমতার উত্তরাধিকারী হলে দেশটির ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, উত্তর কোরিয়ার প্রবীণ ও প্রভাবশালী কর্মকর্তারা একজন নারী নেতার অধীনে কাজ করতে কতটা আগ্রহী হবেন, সেটিই বড় প্রশ্ন।
এছাড়া জু আয়ে ভিন্ন পরিবারের কোনো পুরুষকে বিয়ে করলে উত্তরাধিকার নিয়েও জটিলতা তৈরি হতে পারে। তার সন্তান ভবিষ্যতে ক্ষমতায় এলে কিম পরিবারের সরাসরি শাসনের ধারাবাহিকতা ভেঙে যেতে পারে বলে মনে করেন কিছু বিশ্লেষক।
তবে আরেক দল বিশেষজ্ঞের মতে, ৪২ বছর বয়সী কিম জং উনের এখনই উত্তরসূরি নির্ধারণের প্রয়োজন নেই। কারণ, আগেভাগে উত্তরসূরি ঘোষণা করলে তা তার নিজের একচ্ছত্র ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।
ভোরের আকাশ/আ.র