অভিবাসীদের জন্য রুয়ান্ডায় ‘রিটার্ন হাব’ গড়ছে ইউরোপের ৫ দেশ

ইউরোপে অভিবাসন সংকট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে পাঁচটি দেশ। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে তাদের রাখার বিকল্প ব্যবস্থা হিসেবে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় যৌথভাবে একটি নির্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।
আগামী ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি অভিবাসীদের গ্রহণের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) নেদারল্যান্ডস ও ডেনমার্ক সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যেসব অভিবাসী সংশ্লিষ্ট দেশগুলোতে অবৈধভাবে অবস্থান করছেন এবং যাদের ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এ পরিকল্পনা কার্যকর হবে। তবে কোনো অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে তাকে রুয়ান্ডার এই কেন্দ্রে পাঠানো হতে পারে।
বিবিসিকে এক কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনাটি কেবল সেই ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে, যারা সংশ্লিষ্ট পাঁচটি দেশে আইনগতভাবে বসবাস বা অবস্থানের সব সুযোগ হারিয়েছেন। অর্থাৎ, যাদের দেশগুলোতে থাকার আর কোনো বৈধ অধিকার নেই, কেবল তাদেরই রুয়ান্ডার নির্বাসন কেন্দ্রে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, নির্বাসিত ব্যক্তিরা চাইলে রুয়ান্ডার সমাজের মূলধারায় যুক্ত হতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর উদ্যোগ নিয়েছিল যুক্তরাজ্য। এ বিষয়ে দেশটির সরকার রুয়ান্ডার সঙ্গে একটি চুক্তিও করেছিল। তবে আইনি জটিলতার কারণে চুক্তিটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা লেবার পার্টির সরকার চুক্তিটি সম্পূর্ণ বাতিল করে দেয়।
তবে ইউরোপের নতুন এ পরিকল্পনায় যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারে নাকচ করেনি যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত বিষয়টি তারা আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে, অভিবাসন সমস্যায় জর্জরিত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রস্তাবিত এ উদ্যোগের সমালোচনা করেছেন। সোমবার স্পেনের সম্প্রচারমাধ্যম তেলেসিনকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ পরিকল্পনার মধ্যে তিনি কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখতে পাচ্ছেন না। এটি কোনো সমাধান নয়।
তবে সংশ্লিষ্ট পাঁচটি দেশের দাবি, অভিবাসীদের ইউরোপের বাইরে পাঠানোর এ পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ উদ্যোগ অভিবাসীদের মৌলিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।
ইউরোপীয় ইউনিয়নে সম্প্রতি গৃহীত অভিবাসন নীতির সংস্কারের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সংস্কারের ফলে জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের অভিবাসী কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।
সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং মানব পাচারকারীদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রাণঘাতী যাত্রার আয়োজন বন্ধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নেদারল্যান্ডস সরকারের লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে কেবল অবিবাহিত পুরুষ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো হবে। দেশটির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের কোনো দেশ থেকে আসা অভিবাসীদের।
পরিকল্পনা অনুযায়ী, রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা স্থানীয় সমাজের মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। তারা সেখানে বসবাসের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার ও আইনি ব্যবস্থায় প্রবেশের সুযোগ পাবেন।
রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা এক বিবৃতিতে বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে বৈশ্বিক ভারসাম্যহীনতা দূর করতেও রুয়ান্ডা কাজ করতে আগ্রহী। কারণ, অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ এই বৈষম্য।
ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত কেন্দ্রটি প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় পাঁচটি দেশের প্রতিটি থেকে ২০ জন করে মোট ১০০ জন অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো হতে পারে।
এ পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহায়তাকারী ভূমিকা পালন করতে পারে বলে আশা করা হচ্ছে। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, জটিল পরিস্থিতি ও ট্রানজিট পর্যায়ে থাকা অভিবাসীদের সহায়তায় আইওএমের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র বা ‘রিটার্ন হাব’ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
তবে এ উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টিন ডি মন্টজোয়ে বলেছেন, অভিবাসী নির্বাসন কেন্দ্র স্থাপনের জন্য রুয়ান্ডাকে বেছে নেওয়া উদ্বেগজনক। কারণ, দেশটিতে ভিন্নমত দমনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ছাড়া নির্বিচারে আটক, বন্দিদের ওপর নির্যাতন এবং প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের সহায়তার অভিযোগও রয়েছে দেশটির সরকারের বিরুদ্ধে।
বিবিসিকে দেওয়া বক্তব্যে মন্টজোয়ে আরও বলেন, অভিবাসীদের ফেরত পাঠানোর কর্মসূচি পরিচালনার জন্য রুয়ান্ডার রাজধানী কিগালিকে অর্থ দেওয়া হলে তা শুধু অভিবাসীদের দুর্ভোগ ও ক্ষতির মুখে ফেলবে না, বরং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত একটি সরকারকে আর্থিক ও রাজনৈতিক সুবিধাও দেবে। সূত্র : বিবিসি
ভোরের আকাশ/সু.পা