ইরানের সঙ্গে বৈঠকে রাজি যুক্তরাষ্ট্র: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র রাজি আছে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এ কথা বলেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রচার করেছে আল জাজিরাও। তাতে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনায় যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন মার্কো রুবিও।
তিনি বলেন, আমরা এতে রাজি। এ মুহূর্তে কিছু নির্ধারিত হয়েছে বলে মনে হয় না। তবে আমরা অবশ্যই এ ধরনের কিছুর জন্য উন্মুক্ত, বিশেষ করে যদি এর মাধ্যমে ইতিবাচক কিছু হয় এবং চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়।
তিনি আরও বলেন, আর সেই আলোচনার লক্ষ্য হলো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। তারা একেবারেই পারবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বেসেন্ট বলেন, ইরান নিয়ে চীনের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। এ বিষয়ে চীন সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। তবে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা আর কতদিন চলবে, তা তিনি বলতে পারেননি।
ইরানের সঙ্গে বিমান চলাচলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় আগে থেকেই বেশ কিছু অনুমতি বাতিল করেছে। এর মধ্যে ইরানের আকাশসীমা দিয়ে অন্য দেশের বিমান চলাচলের অনুমতিও রয়েছে।
এছাড়া বেসামরিক বিমান, জ্বালানি সরবরাহ ও জরুরি মেরামতের সঙ্গে যুক্ত কিছু লেনদেনের অনুমতিও বাতিল করা হয়েছে। এসব পুরোনো অনুমতির আওতায় থাকা কিছু কার্যক্রম বন্ধের জন্য ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এর ফলে ইরানের সঙ্গে আলোচনার টেবিল প্রস্তুত আরও কঠিন হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম