রাশিয়ায় পারমাণবিক অস্ত্র বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৬

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন ক্রু সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের বরাতে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ ফ্লাইটের সময় টিইউ-৯৫ বিমানটি বিধ্বস্ত হয়। আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।
ইন্টারফ্যাক্স রাশিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে অ্যারোস্পেস ফোর্সেসের একটি তদন্ত দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই না করা ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত ও জ্বলতে থাকা বিমান থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা গেছে।
টুপোলেভ টিইউ-৯৫ সোভিয়েত আমলে তৈরি একটি বড় বোমারু বিমান। এটি পারমাণবিক অস্ত্র বহন, উৎক্ষেপণ ও নিক্ষেপ করতে সক্ষম। ১৯৫২ সালে বিমানটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয়।
১৯৫৬ সালে এটি সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। এখনো রাশিয়ার সামরিক বাহিনী নিয়মিত সামরিক মহড়ায় বিমানটি ব্যবহার করে। রাশিয়ার পূর্বাঞ্চলে বিমান দুর্ঘটনার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জুলাইয়ে খারাপ আবহাওয়ার মধ্যে একটি বিমান তিন্দা শহরের দিকে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ৪৮ জনই নিহত হন।
এর আগে ২০২১ সালের আগস্টে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে মিল এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক।
ভোরের আকাশ/এম