তেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তা

ইরাকে তেল চোরাচালানের অভিযোগে তদন্তের পর নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ নয়জনকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। শনিবার (১৪ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নেন।
একই সঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-সাখর এলাকায় তেল চোরাচালানের অভিযোগে এ তদন্ত শুরু হয়েছিল।
ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, বাবিল প্রদেশের জুরফ আল-নাসরে তেল চোরাচালানের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করতে জরুরি নিরাপত্তা বৈঠক করেন আল-জাইদি। তদন্তে সেখানে অবৈধ তেল শোধনাগার পরিচালনা এবং তেল পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
সাবাহ আল-নুমান বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে তেল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাবিল প্রদেশের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন তেল পাইপলাইন কোম্পানির পরিচালকসহ মোট নয়জন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বাবিল প্রদেশের পুলিশ প্রধানও রয়েছেন।
জুরফ আল-নাসর এলাকাটি ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। ইরাকের অন্যতম শক্তিশালী ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এই গোষ্ঠী সম্প্রতি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির বিরুদ্ধে একাধিক কঠোর বিবৃতি দিয়েছে। তার সরকারকে হুমকি দেওয়ার পাশাপাশি দুর্নীতির অভিযোগও তুলেছে গোষ্ঠীটি।
ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ এর আগে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, যেসব সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তাঁর সরকার।
এদিকে বাগদাদ থেকে আলজাজিরার প্রতিবেদক পিটার স্মিথ জানিয়েছেন, আগের ইরাকি সরকারগুলো জুরফ আল-নাসরকেন্দ্রিক কথিত তেল চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সতর্ক অবস্থান নিয়েছিল। অভিযোগ রয়েছে, এই চক্রের মাধ্যমে প্রতি মাসে প্রায় তিন কোটি ডলার মূল্যের তেল পাচার করা হতো।
স্মিথ জানান, দীর্ঘদিন ধরে এলাকাটি কার্যত রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছিল। তবে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এখন অবস্থান পরিবর্তন করেছেন। ইরাকের কোনো এলাকায় তেল চোরাচালানের মতো অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন তিনি।
একটি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে স্মিথ আরও জানান, ইরাকের দক্ষিণাঞ্চলে বাগদাদের কাছাকাছি দুটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে অবৈধভাবে নজরদারি ও সংযোগ স্থাপন করা হয়েছিল। এসব পাইপলাইন থেকে তেল চুরি করে কালোবাজারে বিক্রি করা হতো। এর মাধ্যমে প্রতি মাসে কয়েক কোটি ডলারের বাণিজ্য পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
বুধবার ইরাকি নিউজ এজেন্সি জানায়, স্যাটেলাইট চিত্রসহ গোয়েন্দা নথিতে জুরফ আল-নাসরে একটি সশস্ত্র গোষ্ঠীর অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি একটি তেল পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপনের অভিযোগও উঠে এসেছে। তদন্ত কমিটি এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সাবাহ আল-নুমান।
তবে এই অভিযানকে শুধু দুর্নীতিবিরোধী পদক্ষেপ হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। আটলান্টিক কাউন্সিলের ইরাক ইনিশিয়েটিভের জ্যেষ্ঠ গবেষক আকিল আব্বাসের মতে, ইরাকে বিভিন্ন রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীর তেল চোরাচালান নতুন কোনো ঘটনা নয়। অনেক ক্ষেত্রে রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্যের চেয়ে আর্থিক লাভই এসব কর্মকাণ্ডের প্রধান কারণ।
আকিল আব্বাস মনে করেন, সাম্প্রতিক অভিযানের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার সরকারি উদ্যোগের সম্পর্ক রয়েছে। তার মতে, প্রধানমন্ত্রী দুর্নীতিবিরোধী অভিযান হিসেবে বিষয়টি সামনে আনলেও এর পেছনে রয়েছে নির্দিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীর অর্থের জোগান বন্ধ করার পরিকল্পনা। কারণ, এই গোষ্ঠীটি সরকারের নিরস্ত্রীকরণ উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/ইউএম