আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষ, ২৩ জন নিহতের আশঙ্কা

ভারতের আসামের কাজিরাঙ্গায় একটি ট্রাকের সাথে মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার কাজিরাঙ্গার কাছে রঙ্গাজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।
পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেন।
গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘আমরা সবাই ঘটনাস্থলে আছি এবং বাসের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে, তাই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।’
আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো যোগ করেন, ‘উদ্যানের (কাজিরাঙ্গা জাতীয় উদ্যান) কাছাকাছি আরোপিত গতিসীমা লঙ্ঘন করে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমরা ধারণা করছি, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি কন্টেইনার ট্রাকের সাথে ধাক্কা খায় এবং এই দুর্ঘটনা ঘটে।’
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে। এ দুর্ঘটনার বিষয়ে আসাম সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ভোরের আকাশ/ এনউব