তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সফরে সি চিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতা মতবিনিময় করবেন বলে জানায় রয়টার্স।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের পরস্পরের দেশে সফর করা একটি ‘ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা’।
এর মাধ্যমে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি যোগাযোগ আরো বাড়বে বলে তিনি উল্লেখ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায়। দুই দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানো এবং মতপার্থক্যগুলো সঠিকভাবে সামলানোর ওপর গুরুত্ব দিচ্ছে চীন।
গুও জিয়াকুন বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে এসব মতপার্থক্য সঠিকভাবে মোকাবেলা করে দুই দেশের সহযোগিতা বাড়াতে চায় বেইজিং।
তিনি বলেন, দুই দেশের মানুষের জীবনযাত্রার উন্নতি অব্যাহত রাখাও চীনের লক্ষ্য। একই সঙ্গে বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় চীন।
ভোরের আকাশ/এম