ইন্দোনেশিয়ায় বিক্ষোভের আগুনে পুড়ল পরিষদ ভবন, নিহত ৩

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাস্সারে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) প্রাদেশিক পরিষদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বিক্ষোভের সূত্রপাত সংসদ সদস্যদের বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে। মাসিক ভাতা প্রায় আড়াই লাখ টাকা (৩ হাজার ডলার) পর্যন্ত বাড়ানো হলে সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর মধ্যেই পুলিশের গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু পরিস্থিতিকে আরও ঘনীভূত করে।
রাজধানী জাকার্তাসহ বিভিন্ন প্রদেশে শুক্রবার ও শনিবার ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা বাস ও ট্রেন চলাচল ব্যাহত করেন, কয়েকটি যানবাহনে আগুন দেন এবং টোল প্লাজা ও সরকারি ভবনেও অগ্নিসংযোগ করেন।
পুলিশি গাড়িচাপায় নিহত মোটরসাইকেল আরোহীর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো। তিনি দায়ীদের শাস্তির আশ্বাস দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। প্রোবোও বলেন, "একটি পক্ষ সবসময় অস্থিতিশীলতা তৈরি করতে চায়, জনগণকে সতর্ক থাকতে হবে।"
এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন, "আমরা চাই পুলিশ প্রধানকে অপসারণ করা হোক এবং হত্যার দায়ে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হোক। পুলিশ জনগণের বন্ধু, ক্ষমতাসীনদের নয়।"
সূত্র: বিবিসি, আল জাজিরা
ভোরের আকাশ//হ.র