ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) রাঁচি-পাটনা মহাসড়কের কুজু এলাকার পাইনকি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন পিটিআইকে জানান, সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর একটি স্করপিও এসইউভি বিধ্বস্ত হয়। নিহত সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা ছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. অনিল কুমার পিটিআইকে বলেন, রাত প্রায় আড়াইটার দিকে আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত একজন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ভোরের আকাশ/ইউএম