অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল মোদি সরকার

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’ -এর ৭ ও ২৯ নম্বর ধারা উল্লেখ করে তাকে এই নোটিশ পাঠানো হয়েছে। ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এফআরআরও-এর নোটিশে বলা হয়েছে, ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি আন্দোলনে যোগ দিয়ে আইন লঙ্ঘন করেছেন। তাই ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।’
অভিনেতা ইমরান খান বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খান এবং চলচ্চিত্র নির্মাতা মনসুর খানের ভাগনে। এ ছাড়া তিনি বলিউডের আরেক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসির হুসাইনের নাতি।
গত ১০ অক্টোবর মুম্বাইয়ে অনুষ্ঠিত রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ ইমরান খানকে সাময়িকভাবে আটক করে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরীট সোমাইয়ার করা অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়।
সোমাইয়ার অভিযোগ, বিদেশি নাগরিক হিসেবে ভারতের মাটিতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘন করেছেন ইমরান খান। সাংবাদিকদের সোমাইয়া বলেন, ‘ভারতে এমন অনেক ইমরান খান রয়েছেন যারা এখানে বাস করেন এবং দেশের সুনাম ক্ষুণ্ন করেন। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত।’
ভোরের আকাশ/ইউএম