লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে রাজি নয় ইতালি

লোহিত সাগরে বিশাল অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ থাকা সত্ত্বেও ইতালি যেকোনো সরাসরি সামরিক সংঘাতে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে। সৌদি আরবের তায়েফ ঘাঁটিতে হুথি হামলার পর যুদ্ধাবস্থা নিয়ে বিতর্ক শুরু হলে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ও প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো স্পষ্ট করেন যে ইতালি কোনো যুদ্ধের মধ্যে নেই।
ইতালির একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। সম্প্রতি সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হুথি গোষ্ঠীর হামলায় ইতালির একটি ইউরোফাইটার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর হুথিরা জানায়, ইতালির বিরুদ্ধে তাদের কোনো লড়াই নেই। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই পররাষ্ট্রমন্ত্রী তাজানি পরিষ্কার করেন, ইতালি কোনো যুদ্ধে লিপ্ত নয়।
মূলত লোহিত সাগর দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলোকে হুথিদের হামলা থেকে রক্ষা করতেই ইইউ ‘অ্যাসপাইডস’ নামের এই সুরক্ষা মিশন তৈরি করেছিল। তাজানি জানান, সমুদ্রপথটিতে অশান্তি বাড়লেও ইতালি এই মিশনকে সমর্থন দিয়ে যাবে। এই নিরাপত্তা মিশনটির মেয়াদ বাড়ানো এবং এর কার্যক্রম আরও জোরদার করার কথা বলেন তিনি।
ইতালির বাণিজ্যের জন্য এই লোহিত সাগর রক্ষা করা বেশ জরুরি। কারণ দেশটির সামুদ্রিক ব্যবসার ৪০ শতাংশ এবং এশিয়ায় পাঠানো মোট পণ্যের ৬০ শতাংশই যায় এই পথ দিয়ে। তাই লোহিত সাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ইতালির অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোরের আকাশ/আ.র