বিশ্বমঞ্চে তিন দেশের জোটে এরদোগানের হুঙ্কার

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে মুসলিম বিশ্বের সংহতির একটি শক্তিশালী বার্তা হিসেবে আখ্যা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তিনি জানান, তিন দেশের এই ঐতিহাসিক ও যৌথ উদ্যোগের ইতিবাচক প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে।
উত্তর তুরস্কের সামসুন শহরের 'ইয়ালি ক্যাফে লাইব্রেরিতে' আয়োজিত তরুণদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মূলত সামসুন সিটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একে পার্টির যুব শাখার মুখোমুখি হন তিনি, যা গত সোমবার প্রকাশ্যে আসে।
এরদোগান বলেন, তিন দেশ একত্রিত হয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে যে শক্ত অবস্থান নিয়েছে, তার মূল লক্ষ্যই হলো আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি বিশ্বের শক্তিশালী ও ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেওয়া। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিমদের চ্যালেঞ্জ মোকাবিলায় এই উদ্যোগ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার নিয়ে নিজের পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আবারো বলেন, 'বিশ্ব এই পাঁচের চেয়েও বড়'।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একচ্ছত্র আধিপত্যের সমালোচনা করে একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট।
উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালির বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এরদোগান।
তিনি জানান, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তুরস্ক পূর্বেও পাশে ছিল এবং ভবিষ্যতেও আঞ্চলিক সহযোগীদের পাশে থাকবে।
প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তুরস্ক আঞ্চলিক সংকটে নিজস্ব অবস্থান আরও শক্তিশালী করছে বলে মনে করা হচ্ছে। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন দেশের পারস্পরিক জোট বৈশ্বিক ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে।
ভোরের আকাশ/এম