আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, ফুজাইরাহর আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করলে সেটিকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর একটি অংশ নিচে পড়ে গিয়ে এক বাংলাদেশি শ্রমিকের ওপর আঘাত হানে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি খামারে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।
‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে।
আর সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়।
সংগঠনটি আরও বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। কিন্তু এটির ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন।
সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/এনএস