গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শিক্ষা উপমন্ত্রী স্ত্রীসহ নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাস সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা খালেদ আবু নাদার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েল।
হামাস সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে পরিচিত এই কর্মকর্তা সংগঠনটির অর্থনীতি ও শিক্ষা-সংক্রান্ত দায়িত্বেও ছিলেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। হামলায় তার স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে ‘টাইমস অব ইসরায়েল’ জানায়, একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে হামলার লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেনি। তারা শুধু জানায়, গাজায় হামাসের এক ‘জ্যেষ্ঠ সদস্যকে’ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
পরে নেতানিয়াহু ও কাৎজ এক যৌথ বিবৃতিতে খালেদ আবু নাদার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাদের ভাষ্য, হামাসের জ্যেষ্ঠ সদস্য ও কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ এই হামলা। গত এক মাসে প্রায় ৮০ জন হামাস সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেন তাঁরা। ইসরায়েলি বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে, একই রাতে গাজা সিটির আল-শাতি শরণার্থীশিবিরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের দাবি, ওই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। ফলে রাতভর গাজায় পৃথক হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচে। তবে আল-শাতি শরণার্থীশিবিরে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। হামাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, এসব হামলা গাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করে আসছে হামাস। তথ্য সূত্র- টাইমস অব ইসরায়েল।
ভোরের আকাশ/ইউএম