সকাল থেকেই রাজধানীতে অঝোর ধারায় বৃষ্টি

রাজধানীতে সকাল থেকেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও খেটে খাওয়া মানুষদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য এই বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এলেও, দিনের শুরুতেই এমন বিভ্রাট অনেকেরই কাজের পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মস্থলে বের হওয়া মানুষজন। অফিসগামী যাত্রী, স্কুলগামী শিক্ষার্থী বা দিনমজুর সবাইকে প্রকৃতির এই আকস্মিক রোষানলে পড়তে হয়েছে সবাইকেই পড়তে হয়। বিশেষ করে শ্রমজীবী মানুষদের জন্য এই বৃষ্টি আশীর্বাদের চেয়ে দুর্ভোগ হয়েই বেশি ধরা দিয়েছে।
বৃষ্টির প্রভাবে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় অনেক নিচু রাস্তায় পানি জমে যায়। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটেও আটকে থাকতে হয়েছে যাত্রীদের।
বৃষ্টি শুরুর আগে ছাতা বা রেইনকোট ছাড়াই যারা বের হয়েছেন তাদের বাধ্য হয়ে রাস্তার পাশের দোকান কিংবা ভবনের নিচে আশ্রয় নেন। আবার দমকা হাওয়ার সাথে বৃষ্টি হওয়ায় ছাতা নিয়েও ভিজতে হয়েছে অনেককে। গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষজনকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
এদিকে, আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, বুধবার সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে।
এছাড়া এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ভোরের আকাশ/আ.র