হাইতি ম্যাচে ব্রাজিল একাদশে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে দল নির্বাচন নিয়ে কোচ কার্লো আনচেলত্তি যথারীতি রহস্য বজায় রেখেছেন। তবে অনুশীলনের ইঙ্গিত বলছে, হাইতির রক্ষণ ভাঙতে আবারও আক্রমণাত্মক ৪-২-৪ ফরমেশনে ফিরতে পারেন এই ইতালিয়ান কোচ।
ফিলাডেলফিয়ায় আসন্ন ম্যাচকে সামনে রেখে গত দুই দিনের অনুশীলনে আনচেলত্তি একাধিক খেলোয়াড়কে নতুন করে পরীক্ষা করেছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্সে ইবানিয়েজের জায়গায় দানিলো এবং মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিকেকে দেখা যেতে পারে শুরুর একাদশে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিকল্পনা গোপন রাখছেন ব্রাজিল কোচ।
দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়ার চোট নিয়ে সতর্ক রয়েছে ব্রাজিল শিবির। গ্যাব্রিয়েলের বাম ঊরুতে হালকা সমস্যা রয়েছে, আর মরক্কো ম্যাচের পর পায়ে ফোস্কা পড়ায় রাফিনিয়া হালকা অনুশীলন করছেন। তাদের পরিবর্তে অনুশীলনে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দেখা গেলেও মূল একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
মাঝমাঠেও রয়েছে অনিশ্চয়তা। বুধবারের অনুশীলনে ফ্যাবিনিওকে ব্রুনো গিমারায়েসের সঙ্গে খেলানো হয়েছে। তবে কোচের আস্থাভাজন কাসেমিরোও একাদশে ফিরতে পারেন। মরক্কোর বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার পর তাকে বিরতির সময় মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।
আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়ার মধ্যে শুরুর একাদশে জায়গা পাওয়ার লড়াই চলছে। অনুশীলনে ইগর থিয়াগোকে এগিয়ে রাখা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে নেবেন আনচেলত্তি।
এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে নেইমার বল নিয়ে অনুশীলনে ফিরেছেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শনিবারের ম্যাচের আগে আজ নিউ জার্সিতে শেষ অনুশীলন করবে ব্রাজিল। এরপর দল ফিলাডেলফিয়ার উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ভোরের আকাশ/সু.পা