বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়নের পথে হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হ্যারি কেইন। জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। দুই পক্ষের মধ্যে সমঝোতাও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কেইনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া এই ইংলিশ স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু হয় গত আগস্টে। এখন সেই আলোচনা শেষ পর্যায়ের দিকে রয়েছে।
চুক্তি নবায়ন নিয়ে কেইন বলেন, আলোচনা ভালোভাবেই এগোচ্ছে এবং দুই পক্ষ প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। তবে কয়েকটি বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে। বায়ার্নে তিনি সুখে আছেন বলেও জানান। তাঁর প্রত্যাশা, খুব বেশি সময় লাগবে না এবং শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
বায়ার্নে থাকার ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিচ্ছেন কেইন। মিউনিখের পরিবেশ, কোচ ও সতীর্থদের সঙ্গে তাঁর বোঝাপড়ায় সন্তুষ্ট তিনি। বয়স বাড়ার সঙ্গে নিজের সেরা পারফরম্যান্স ধরে রাখতে পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে থাকাটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ইংলিশ তারকা।
বায়ার্নের হয়ে কেইনের পারফরম্যান্সও চুক্তি নবায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বায়ার্নের হয়ে দুটি বুন্দেসলিগা শিরোপা, একটি জার্মান কাপ ও দুটি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জিতেছেন এই স্ট্রাইকার।
কেইনকে ধরে রাখতে আগ্রহী বায়ার্নও। ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন এর আগে জানিয়েছিলেন, কেইনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ও বোঝাপড়া দারুণ। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষই স্বাচ্ছন্দ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ভোরের আকাশ/সু.পা