বিশ্বকাপ ফাইনালে কামিন্সের বলে সেই আউট এখনও মনে গেঁথে আছে কোহলির

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ব্যাটিং ইনিংসে গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়েছিলেন বিরাট কোহলি। ৬৩ বলে ৫৪ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। সেই আউটের পর ম্যাচের পরিস্থিতি বদলে যায় বলে মনে করেন কোহলি। দীর্ঘদিন পর সেই হতাশার মুহূর্ত নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ভারতের এই ব্যাটিং তারকা।
ফাইনালে ৮১ রানে তিন উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন কোহলি। দুজনের জুটিতে আসে ৬৭ রান। তবে কোহলি ৬৩ বলে ৫৪ রান করে কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরার পর ভারতের ইনিংস আর বড় সংগ্রহের দিকে এগোতে পারেনি। পরে রাহুল ১০৭ বলে ৬৬ রান করেন।
২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল শিরোপা জেতার আগ পর্যন্ত ২০১৬ সালের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের স্মৃতি কোহলিকে নাড়া দিত। তাঁর মতে, ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতিও একইভাবে মনে গেঁথে আছে।
জিও স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘২০২৫ সালে আমরা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) আইপিএল জেতার আগে ২০১৬ সালের ফাইনালের কথা আমার মনে পড়ত। ওই ম্যাচে আমরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিলাম। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমার একই অনুভূতি হয়।’
কামিন্সের বলে আউট হওয়ার মুহূর্তটি নিয়েও নিজের ভাবনার কথা জানান কোহলি। তাঁর বিশ্বাস ছিল, উইকেটে আরও কিছুক্ষণ থাকতে পারলে ভারতের সংগ্রহ আরও বড় হতে পারত।
কোহলি বলেন, ‘আমি তখন ৫৪ রানে ব্যাট করছিলাম এবং বড় একটি সেঞ্চুরি করার কথা ভাবছিলাম। মনে হচ্ছিল, ১৪০-১৫০ রান করতে পারলে আমরা ম্যাচ জেতার জন্য ভালো অবস্থানে থাকতাম। ফাইনালে ৩০০-এর বেশি রান হলে আমাদের বোলিং আক্রমণ দিয়ে তাদের চাপে ফেলা সম্ভব ছিল। কিন্তু প্যাট কামিন্সের বলে যেভাবে আউট হলাম, সেটি অনেক দিন আমার মনে ছিল। এমন মুহূর্ত আপনি বারবার ভাবতে থাকবেন।’
ভোরের আকাশ/সু.পা