ফিলিস্তিনের শিশুদের জন্য দু’টি নতুন ফুটবল মাঠ বানাল ফিফা

পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ‘ফিফা অ্যারেনা’ চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন এই মাঠগুলো স্থানীয় শিশুদের ফুটবল খেলা, শরীরচর্চা ও অবসর কাটানোর নিরাপদ জায়গা হিসেবে ব্যবহৃত হবে।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় মাঠ দুটি নির্মাণ করা হয়েছে। পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে মারাহ রাবাহ ও উত্তরাঞ্চলের কুসিনে তৈরি হয়েছে নতুন এই দুই ফুটবল মাঠ। প্রকল্পটি ফিফা ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। এতে আর্থিক সহায়তা দিয়েছে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলাচলে বিধিনিষেধ ও নানা প্রতিবন্ধকতার কারণে অনেক শিশুর শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নতুন মাঠ দুটি শিশুদের নিয়মিত ফুটবল খেলা ও শরীরচর্চার সুযোগ তৈরি করবে।
মাঠ দুটি উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’। এতে স্থানীয় ১৪টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় প্রায় ১৬০ শিশু খেলবে। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিশু ও স্থানীয় বাসিন্দাদের জন্য আরও কিছু ফুটবলভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, মাঠগুলোর প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রতিদিন এগুলো কতটা ব্যবহার করা হচ্ছে তার ওপর। তাঁর মতে, যেসব সম্প্রদায়ের শিশুদের জীবন বিধিনিষেধ ও অনিশ্চয়তার কারণে ব্যাহত হয়, তাদের জন্য খেলাধুলা ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জায়গা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ‘কিডস কাপ’। তবে মাঠ দুটি শুধু এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি করা হয়নি। দীর্ঘমেয়াদে স্থানীয় শিশু ও কমিউনিটির ব্যবহারের জন্য এগুলো উন্মুক্ত থাকবে।
ফিফা অ্যারেনা কর্মসূচির আওতায় মাঠ নির্মাণের পাশাপাশি স্থানীয়দের ফুটবল সরঞ্জামও দেওয়া হচ্ছে। ফলে প্রতিযোগিতা শেষ হওয়ার পরও শিশু-কিশোররা নিয়মিত অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যেতে পারবে।
ভোরের আকাশ/সু.পা