বিশ্বকাপ ২০২৬:
চ্যাম্পিয়ন স্পেন কত পেল, আর্জেন্টিনা ও অন্য দলগুলোর প্রাইজমানি কত?

২০২৬ সালে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা।
শুধু ট্রফিই নয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো পেয়েছে বিপুল অঙ্কের প্রাইজমানিও। আসর শুরুর আগেই ফিফা মোট পুরস্কারের অর্থ ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।
২০২৬ বিশ্বকাপের জন্য মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে)।
চ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৫ কোটি টাকা।
রানার্সআপ আর্জেন্টিনার প্রাইজমানি ৩ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা।
তৃতীয় স্থান অধিকারী ইংল্যান্ড পাবে ২ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ হওয়া ফ্রান্সের জন্য বরাদ্দ ২ কোটি ৭০ লাখ ডলার, যা প্রায় ৩৩২ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে প্রায় ২৩৩ কোটি টাকা পাবে। শেষ ষোলো থেকে বাদ পড়া আটটি দলের জন্য রয়েছে ১৮৪ কোটি টাকা করে।
রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল প্রত্যেকে পাবে প্রায় ১৩৫ কোটি টাকা।
এছাড়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার। প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা করে।
ফিফার এই বাড়তি প্রাইজমানির ফলে এবারের বিশ্বকাপ শুধু প্রতিযোগিতার দিক থেকেই নয়, আর্থিক দিক থেকেও ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ আসর হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের আকাশ/জেআ