এশিয়ান গেমসের সাইফের বদলি হতে পারেন আলিস

এশিয়ান গেমসে যাওয়ার আগেই চোটের কারণে বাংলাদেশ দলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর পরিবর্তে এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাঁর জায়গায় রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত আলিস আল ইসলামের দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলাম ও রিপন মন্ডলের মধ্যে একজনকে বেছে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে আলিস কিছুটা এগিয়ে রয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে।
সূত্রের ভাষ্য, ‘আমাদের তো একজন বদলি নিতেই হতো। সেক্ষেত্রে আবার অপশনও কম। (তানজিম) সাকিব, সাকলায়েন চোটে আছে। রিপন মন্ডল আর আলিসের মধ্যে একজন বেছে নিতে হতো। আমরা হেড কোচ সালাউদ্দিন ভাইয়ের ওপর ছেড়ে দিয়েছি। তবে আলিস কিছুটা এগিয়েই আছে, এটা সত্য।’
এর আগে রোববার অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে তাঁর এমআরআই করানো হলে চোট ধরা পড়ে। ফলে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় তাঁকে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে পুরোপুরি সুস্থ হতে সাইফউদ্দিনের প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।
এদিকে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামকে দলে নেওয়া হলে এশিয়ান গেমসের আগে জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন এই স্পিনার। তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভোরের আকাশ/সু.পা