ইসরায়েল ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি নিয়ে আয়ারল্যান্ডে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত হলেও গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আয়ারল্যান্ডের ফুটবলাররা। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েল ও আয়ারল্যান্ড নেশনস লিগের একই গ্রুপে পড়ার পর থেকেই ম্যাচ বয়কটের দাবি জোরালো হয় আয়ারল্যান্ডে। গাজা যুদ্ধ নিয়ে দেশটিতে চলমান বিতর্কের প্রভাব পড়ে ফুটবলেও। ম্যাচ দুটি না খেলার দাবিতে ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণাও শুরু হয়।
শনিবার সকাল পর্যন্ত ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলনও ১৫ মিনিট আগে স্থগিত করা হয়। পরে দলের অনুশীলন সেশনেও বিলম্ব হয়।
এরপর খেলোয়াড়রা হোটেলে বৈঠকে বসেন। ম্যাচে মাঠে নামা নিয়ে দলের ভেতরে উদ্বেগের মধ্যেই গোলরক্ষক গাভিন বাজুনু নিজেকে সরিয়ে নেন। পরে খেলোয়াড়দের ভোটাভুটির মাধ্যমে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ম্যাচে নিজেদের অবস্থান জানান দেওয়ার কিছু সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। হাঙ্গেরিতে অনুষ্ঠিতব্য ম্যাচে গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ খেলোয়াড়রা। পাশাপাশি ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতায়ও অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দেরিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এফএআইয়ের প্রধান নির্বাহী ডেভিড কোরেল বলেন, ‘তাদের অন্যতম অনুরোধ ছিল, এই উইন্ডোতে বাকি সময়ে গণমাধ্যমের দায়িত্ব তারা পালন করবে না। এছাড়া সংঘাতে নিহতদের স্মরণে তারা কালো আর্মব্যান্ড পরবে।’
ম্যাচের আর্থিক বিষয় নিয়েও সিদ্ধান্তের কথা জানান কোরেল। তিনি বলেন, ‘ম্যাচ-পূর্ববর্তী অনুষ্ঠানের কিছু অংশে রিপাবলিক অব আয়ারল্যান্ড অংশগ্রহণ করবে না। খেলোয়াড়দের ইচ্ছা রয়েছে, ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচের ম্যাচ ফি এবং বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দাতব্য কাজে অনুদান হিসেবে দেওয়া হবে।’
ভোরের আকাশ/সু.পা