অস্ট্রেলিয়ার ক্রিকেটে ৩৯ বছর পর হিট উইকেট

দীর্ঘ ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে খেলতে নেমেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। তবে ৫৯ রানের এই জয়ের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য হয়ে থাকল আরও স্মরণীয়। কারণ, এই ম্যাচেই দীর্ঘ ৩৯ বছর পর হিট উইকেটের মাধ্যমে আউট হলেন কোনো অস্ট্রেলিয়ান ব্যাটার।
ঘটনাটি ঘটে ইনিংসের ৪৩তম ওভারে। জিম্বাবুয়ের নিউমান নিউমারি কিছুটা শর্ট অব লেন্থ ডেলিভারি করেন। শট খেলতে গিয়ে পেছনে সরে যান অলিভার পিক। ব্যাটে বলের সংযোগ হওয়ার পর ভারসাম্য ধরে রাখতে না পেরে আরও পেছনে চলে যান তিনি। একপর্যায়ে তার পেছনের পা স্টাম্পে লেগে বেল পড়ে যায়। ফলে ৪০ বলে ৩০ রান করে হিট উইকেটের মাধ্যমে সাজঘরে ফেরেন পিক।
এর আগে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার সর্বশেষ হিট উইকেটের শিকার হয়েছিলেন ১৯৮৭ সালে। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হিট উইকেটে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম হিট উইকেটের শিকার হয়েছিলেন সাবেক ক্রিকেটার ব্রুস লাইর্ড। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ বলে ৪ রান করে অনাকাঙ্ক্ষিতভাবে আউট হন তিনি। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মোট ছয়জন ব্যাটার হিট উইকেটের মাধ্যমে আউট হয়েছেন।
এদিকে, ১২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলতে নেমে ৫৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ২৩৫ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে।
ভোরের আকাশ/সু.পা