আফগানিস্তান সিরিজে নেই নাহিদ, ত্রিদেশীয় সিরিজেও বিশ্রামের আভাস

জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের চোটে পড়ার পর দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলতে পারেননি এই পেসার। অস্ট্রেলিয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর বর্তমানে দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রায় দেড় মাস পর কয়েক দিন আগে বল হাতে অনুশীলনে ফিরেছেন নাহিদ। দীর্ঘ বিরতির পর ছোট রান-আপে বোলিং করছেন এই গতিতারকা। তবে এখনো পুরোপুরি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ধীরে ধীরে তার ফিটনেস ও বোলিংয়ের সক্ষমতা পর্যবেক্ষণ করে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে নাহিদ রানা থাকছেন না—এটি আগেই জানা গিয়েছিল। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সিরিজেও নাহিদকে বিশ্রামে রাখা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ঢাকা পোস্ট।
ফলে আপাতত দেশেই থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন নাহিদ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। তবে দুই ম্যাচের সিরিজের একটি টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা থাকতে পারে। মূল লক্ষ্য, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে নাহিদকে পুরোপুরি ফিট করে পাওয়া।
বিসিবি নাহিদকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না। দীর্ঘমেয়াদে তার ফিটনেস নিশ্চিত করেই জাতীয় দলে নিয়মিত ফেরানোর পরিকল্পনা রয়েছে।
ভোরের আকাশ/সু.পা