মিরপুরে চাপে বাংলাদেশ, প্রথম সেশনে ২ উইকেটের পতন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে মিরপুরের উইকেটে ব্যাটিংয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে বাংলাদেশ। নতুন বলে গতি ও সুইং কাজে লাগিয়ে স্বাগতিক ব্যাটারদের চাপে রাখেন জেইডেন সিলস ও শামার জোসেফ। দ্রুত তানজিদ তামিমের বিদায়ের পর সাদমান ইসলামের সঙ্গে জুটি গড়েছিলেন মুমিনুল হক। তবে ব্যক্তিগত ২৮ রানে ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯৬ রান।
দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বল কাভার দিয়ে খেলতে গিয়ে ব্যাটের কানায় স্পর্শ করান তানজিদ তামিম। বলটি স্লিপে থাকা জাস্টিন গ্রিভসের হাতে জমা পড়লে ৭ রানেই সাজঘরে ফেরেন এই ওপেনার।
এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে ইনিংস সামলানোর চেষ্টা করেন। দুজনের ব্যাটে ধীরে ধীরে এগোচ্ছিল বাংলাদেশের রান। তবে দলীয় ৬১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান আক্রমণে আসার পর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন মুমিনুল। মিড-অফের ওপর দিয়ে বল উড়িয়ে মারার চেষ্টা করলেও ব্যাটে ঠিকমতো সংযোগ হয়নি। শেষ পর্যন্ত শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
৫১ বলে ২টি চারের সাহায্যে ২৮ রান করেন মুমিনুল। সাদমানের সঙ্গে তাঁর ৫৯ রানের জুটি ভাঙে সেখানেই। অবশ্য এই ইনিংসেই প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে তাঁর মোট রান ৫ হাজার ২৯৩।
মধ্যাহ্নবিরতির আগে প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। ওপেনার সাদমান ইসলাম ৮০ বলে ৪২ রান করে অপরাজিত আছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ২০ বলে ১৫ রান নিয়ে। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।
ভোরের আকাশ/সু.পা