হাবিবুর-সাব্বিরের ফিফটিতে প্রথম দিনে রাজশাহীর ২৯০

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের প্রথম দিনে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৯০ রান তুলে প্রথম দিন শেষ করেছে রাজশাহী বিভাগ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীর দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন দারুণ এক উদ্বোধনী জুটি উপহার দেন।
উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২৭ রান। দারুণ ব্যাটিং করা সাব্বির ৯৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৭১ রান করেন।
ইফরান হোসেনের বলে আউট হয়ে ভাঙে এই জুটি। এরপর হাবিবুরও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭৫ রান করে হাসান মুরাদের বলে সাজঘরে ফেরেন তিনি।
দুই ওপেনারের বিদায়ের পর রাজশাহীর রান তোলার গতি কিছুটা কমে যায়। নাঈম আহমেদ ৮৯ বলে ৪৫ এবং সাব্বির রহমান রুমান ৩৮ বলে ৩৫ রান করেন।অধিনায়ক প্রীতম কুমার ১০ ও এস এম মেহেরব হাসান ১৫ রান করে আউট হন।
২৬৩ রানে ৬ উইকেট হারানোর পর আর কোনো বিপদ হতে দেননি শাখির হোসেন ও সানজামুল ইসলাম। দিনের শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দলকে ২৯০ রানে নিয়ে যান তারা। শাখির ১৪ এবং সানজামুল ১৮ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামের বোলারদের মধ্যে মুরাদ ও এনামুল হক আশিক দুটি করে উইকেট নিয়েছেন। মুরাদ ২৬ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আশিক ১৩ ওভারে ৫২ রান দিয়ে নেন ২ উইকেট। ইফরান হোসেন ও মো. আশরাফুল হাসান একটি করে উইকেট পেয়েছেন।
ভোরের আকাশ/আ.র