গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সব মিলিয়ে বর্তমানে নয়টি ইউনিট কাজ করছে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান স্টেশনের মো. হিরন মিয়া বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর, কোনাবাড়ি থেকেও ইউনিট এসেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ভোরের আকশ/এনএস