দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল ঢাকায়

পাকিস্তান দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে। ঘোষিত স্কোয়াডের প্রথম বহর আজ রোববার সকালে ঢাকায় পা রেখেছে। রোববার (৩ মে) ভোররাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর পাকিস্তান দলকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরকারী দলের জন্য পুলিশ ও র্যাবের সমন্বয়ে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
স্কোয়াডের কিছু খেলোয়াড় এখনও আসেননি। তারা মূলত পাকিস্তান সুপার লিগের ফাইনালের কারণে এখনও আসেননি। ফাইনালের পর বাকি সদস্যরা আসবেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ সফরে ৪ নতুন মুখকে দলে নিয়েছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার দিনই সেটি জানা গেছে। পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ। টেস্ট দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী ৮ মে শুরু হবে ঢাকায়। ১৬ মে দ্বিতীয় টেস্ট সিলেটে।
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
ভোরের আকাশ/সু.পা