বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর পরিকল্পনা : লিটন দাস

লিটন কুমার দাসকে ২০২৫ সালের মে মাসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়কত্ব দেওয়া হয়। এর আগে তিনি একটি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন, যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে।
এরপর তাকে বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে রাখা হয়। তবে দল গুছিয়ে তুললেও শেষ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। পরবর্তীতে গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনই দলের অধিনায়ক থাকবেন। ফলে এবার বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার সুযোগ পাচ্ছেন তিনি। লিটন এখন থেকেই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মূল লক্ষ্য ধরে এগোচ্ছেন।
এই নতুন মেয়াদে লিটনের অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অধিনায়ক হিসেবে লিটনের নতুন করে পথচলা শুরু হচ্ছে, যদিও অভিজ্ঞতার দিক থেকে এটি তার পুরোনো দায়িত্বেরই ধারাবাহিকতা।
এর আগেও বিশ্বকাপকে সামনে রেখে তিনি দল গুছিয়েছিলেন। এবারও একই কাজ করবেন বলে জানিয়েছেন লিটন। তবে আসন্ন বিশ্বকাপটি যেহেতু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে, তাই পরিকল্পনাও সেই অনুযায়ী সাজানো হবে।
লিটন বলেন, “আমাদের প্রধান লক্ষ্য ২০২৮ সালের বিশ্বকাপ, যেটা এশিয়ার বাইরে হবে। সেভাবেই চিন্তা করবো। আর অবশ্যই গত বিশ্বকাপের আগে দলের বন্ডিংটা ভালো ছিল, প্রস্তুতিও ভালো হয়েছিল। চেষ্টা করবো দলকে সেই অবস্থাতেই ধরে রাখতে।”
আগেরবার বিশ্বকাপকে সামনে রেখে তিনি প্রায় একই স্কোয়াড নিয়ে বিভিন্ন সিরিজ খেলিয়েছিলেন। এবারও প্রথম সিরিজেই দলে দুটি নতুন মুখ রাখা হয়েছে—পেসার রিপন মন্ডল এবং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলায়েন। আগেরবার যেখানে প্রায় ছয় মাস সময় পেয়েছিলেন, এবার পাচ্ছেন পুরো দুই বছর।
এবার লিটন কি নতুন কিছু চেষ্টা করবেন, নাকি আগের দল নিয়েই এগোবেন—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, “বোলারদের ক্ষেত্রে বিষয়টা খুবই সহজ, রোটেশন করে খেলানো। যে দুইজন নেই, তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা খেলতে গিয়ে চোটে পড়ে ছিটকে যাক। সামনে আমাদের ওয়ানডে ও টেস্টও আছে। সব দিক বিবেচনা করেই কিছু পরিবর্তন শুরু করেছি। যেহেতু বিশ্বকাপ এখনো অনেক দূরে, তাই দল গড়ার জন্য সময় আছে। এই সময়টায় নতুনদের ম্যাচ খেলার ভালো সুযোগ দেওয়া যাবে।”
ভোরের আকাশ/সু.পা