ইরানের বিশ্বকাপ বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ও আলোচনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করে ইরান আগে ফিফার কাছে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। তবে সেই দাবিতে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
তবে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ইরানের বেস ক্যাম্প আপাতত মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এ তথ্য জানিয়েছেন।
ইরান ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের দেওয়া এক বিবৃতিতে তাজ জানান, ফিফার অনুমোদন নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ফিফা।
আগে বিশ্বকাপ চলাকালে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ক্যাম্প সরানোর সম্ভাবনা তৈরি হয়।
টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এখন দলটির বেস ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর দক্ষিণে অবস্থিত। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিবৃতিতে মেহদি তাজ বলেন, “বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। সৌভাগ্যক্রমে আমরা যে আবেদন জমা দিয়েছিলাম এবং ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছি, পাশাপাশি তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে ওয়েবিনার বৈঠকের পর আমাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর আবেদন অনুমোদন পেয়েছে।”
বিশ্বকাপে ‘গ্রুপ জি’-তে খেলবে ইরান। দলটি ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এর ছয়দিন পর একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে দলটি।
‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। সব মিলিয়ে এটি তাদের সপ্তম বিশ্বকাপ। তবে এখন পর্যন্ত কখনোই প্রথম রাউন্ড পেরোতে পারেনি এশিয়ার দলটি।
ইরান ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, বেস ক্যাম্প মেক্সিকোয় সরিয়ে নেওয়ার ফলে সম্ভাব্য ভিসা জটিলতাও এড়ানো যাবে। কারণ দলটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে।
মেহদি তাজ আরও বলেন, “এমনও হতে পারে যে দলটি ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে মেক্সিকোতে যাওয়া-আসা করতে পারবে।” বিশ্বকাপ চলাকালে দলগুলো ম্যাচের আগে ও পরে অনুশীলন ও প্রস্তুতির জন্য বেস ক্যাম্প ব্যবহার করে থাকে।
ভোরের আকাশ/সু.পা