রোনালদিনহোর জার্সির নিলাম : দর ছাড়াল সাড়ে তিন লাখ টাকা

দীর্ঘ ১১ বছর পর আবারও ফুটবল মাঠে দেখা গেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচোকে। ইতালির রাভেনা এফসির হয়ে মাঠে নামার পর এবার আলোচনায় তার ব্যবহৃত জার্সি। জার্সিটি নিলামে তোলার পর এর দাম ইতোমধ্যে ১৭ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ছাড়িয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকা।
ক্লাবের খেলোয়াড়দের ব্যবহৃত সামগ্রী বিক্রির প্ল্যাটফর্ম ম্যাচওর্নশার্ট ও রাভেনা এফসির যৌথ উদ্যোগে এই নিলামের আয়োজন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) শুরু হওয়া নিলাম চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।
নিলামে সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয়েছে রোনালদিনহোর পরা জার্সিটি ঘিরে। ব্রাজিলসহ আটটির বেশি দেশের আগ্রহী ক্রেতা ইতোমধ্যে জার্সিটির জন্য দর হাঁকিয়েছেন।
শুধু ম্যাচের জার্সিই নয়, নিলামের সংগ্রহে রয়েছে শর্টস, মোজা, বুট, ওয়ার্ম-আপ শার্ট, হেডব্যান্ড ও ম্যাচের আগে রোনালদিনহোর পরা জ্যাকেট। এ ছাড়া রয়েছে তার স্বাক্ষর করা একটি মিনি ফুটবল এবং রাভেনা এফসির বিশেষ সংস্করণের টি-শার্ট।
এদিকে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনা এফসির হয়ে আবারও মাঠে নামতে পারেন রোনালদিনহো। পেশাদার ফুটবলে তার প্রত্যাবর্তনের পর এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ক্লাবটির কর্মকর্তারা।
৪৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান কিংবদন্তি গত রোববার রাভেনার হয়ে ৪৫ মিনিট খেলেছেন। এ সময় গোল করতে না পারলেও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন।
আবারও ক্লাবটির হয়ে খেলতে চান কি না, এমন প্রশ্নে রোনালদিনহো বলেছিলেন, ‘রাভেনার প্রেসিডেন্ট আমাকে ডাকলে আমি আবার মাঠে নামব।’
বিষয়টি নিয়ে রাভেনার প্রেসিডেন্ট ইগনাজিও সিপ্রিয়ানি বলেন, ‘সে বদলি হিসেবে মাঠ থেকে উঠে আসতে চাইছিল না। তার খুব ভালো লাগছিল। আমরা দেখব, সামনে কীভাবে কী হয়।’
রোনালদিনহোর সঙ্গে এসি মিলানে খেলার সময় থেকেই পরিচিত ছিলেন রাভেনার বর্তমান ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা। ব্রাজিলিয়ান এই তারকার প্রশংসা করে তিনি বলেন, ‘তার মতো একজন চ্যাম্পিয়ন তরুণ ও বৃদ্ধ সবাইকে আনন্দিত করে। সবাই রোনালদিনহোর প্রেমে পড়েছে। সে জানে কীভাবে ফুটবল খেলতে হয়। আমি আবারও তাকে দেখার আশা করি।’
ভোরের আকাশ/সু.পা