মানব পাচারের শিকার থেকে বিশ্বকাপে ম্যাচজয়ের নায়ক আমাদ দিয়ালো

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের জয়ের নায়ক হয়েছেন আমাদ দিয়ালো। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের শেষ মুহূর্তে একমাত্র গোলটি করে দলের ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার। তবে তার এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে মানব পাচার, পরিচয় সংকট ও বেদনাময় এক শৈশবের গল্প।
গ্রুপ ‘ই’-এর ম্যাচে দিয়ালোর জয়সূচক গোলে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আইভরি কোস্ট। সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যরা ম্যাচে কোনো পয়েন্ট না পেয়েই মাঠ ছাড়তে বাধ্য হয়।
বর্তমানে আইভরি কোস্ট জাতীয় দলের অন্যতম তারকা আমাদ দিয়ালো ২০১৫ সালে মাত্র ১২ বছর বয়সে ইতালিতে যান। তবে তার ইউরোপ যাত্রা ছিল না কোনো স্বপ্নপূরণের গল্প। সে সময় আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনের ঢেউয়ের সুযোগ নিয়ে একটি মানব পাচারকারী চক্র ভুয়া নথিপত্রের মাধ্যমে আফ্রিকান শিশুদের ইতালিতে পাচার করত। দিয়ালোও সেই চক্রের শিকার ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে এই অবৈধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে, দিয়ালোসহ বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে অবৈধভাবে ইতালিতে নিয়ে যাওয়া হয়েছিল।
ইতালিতে পৌঁছানোর পর দিয়ালোকে একটি সম্পূর্ণ ভুয়া পরিচয় দেওয়া হয়। সরকারি নথিতে যাদের তার বাবা-মা হিসেবে উল্লেখ করা হয়েছিল, বাস্তবে তাদের তিনি চিনতেনই না। এমনকি বর্তমানে ফরাসি ক্লাব মার্শেইয়ের ফুটবলার হামেদ জুনিয়র ত্রাওরেকেও কাগজপত্রে তার ভাই হিসেবে দেখানো হয়েছিল। পরে তদন্তে প্রমাণিত হয়, তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই।
শৈশবেই এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া দিয়ালো কখনোই জানতে পারেননি তার প্রকৃত বা জন্মদাতা বাবা-মা কারা। পরিচয়হীনতা ও মানসিক কষ্টের সেই অধ্যায় পেরিয়ে তিনি ফুটবলকে আঁকড়ে ধরেন এবং একসময় পেশাদার ফুটবলে নিজের অবস্থান তৈরি করেন।
সব প্রতিকূলতা জয় করে তিনি জন্মভূমি আইভরি কোস্টের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। আর বিশ্বকাপের মঞ্চে ইকুয়েডরের বিপক্ষে তার জয়সূচক গোল দেশটির ফুটবল ইতিহাসে স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবে।
দিয়ালোর শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আইভরি কোস্ট। তাদের পরবর্তী ম্যাচ শক্তিশালী জার্মানির বিপক্ষে। অন্যদিকে, প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কুরাসাওয়ের মুখোমুখি হবে ইকুয়েডর।