তিন তারকার দাপটে গোলবন্যায় বার্সেলোনা

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে চলতি মৌসুমে গোল করার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দলের আক্রমণভাগে রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেরমিন লোপেজের দুর্দান্ত পারফরম্যান্সে গোলের পর গোল আসছে। মৌসুমের প্রথম ১৬ ম্যাচেই এই তিন ফুটবলার মিলে করেছেন ৪০ গোল।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে বার্সেলোনার মোট গোল ৬২টি। এর মধ্যে লা লিগায় ৪৮ ও চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল করেছে কাতালান ক্লাবটি। দলের মোট গোলের ৫০টিতে সরাসরি অবদান রয়েছে রাফিনিয়া, ইয়ামাল ও ফেরমিনের। অর্থাৎ নিজেরা গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন তাঁরা।
এই তিন তারকার মধ্যে গোলের তালিকায় সবার ওপরে রাফিনিয়া। তাঁর গোলসংখ্যা ১৯। ইয়ামাল করেছেন ১৩ গোল, আর ফেরমিনের গোল ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনজনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ। শুধু লা লিগায় তাঁদের গোল যথাক্রমে ১৫, ১০ ও ৭টি।
ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর আক্রমণভাগের তুলনায়ও এগিয়ে বার্সেলোনার এই ত্রয়ী। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপে করেছেন ১৩ গোল, জুড বেলিংহামের গোল ৪টি এবং ইয়ান দিয়োমান্দের ৩টি। অন্যদিকে, বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের খেলোয়াড়দের সম্মিলিত গোলসংখ্যাও বার্সেলোনার এই তিন তারকার চেয়ে কম।
ফ্লিকের কৌশলে ইয়ামাল খেলছেন ডান প্রান্তে। রাফিনিয়া কখনো পালন করছেন ফলস স্ট্রাইকারের ভূমিকা, আর আক্রমণাত্মক মিডফিল্ডে নিজের জায়গা করে নিয়েছেন ফেরমিন। দানি ওলমোর চোটের কারণে নিয়মিত খেলার সুযোগ পেয়ে ফেরমিনও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।
আক্রমণভাগের তিন খেলোয়াড়ের এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বার্সেলোনা। গোল করার এই ধারায় দলটি ইউরোপের অন্যতম ভয়ংকর আক্রমণাত্মক দলে পরিণত হয়েছে।
ভোরের আকাশ/সু.পা