ফেলিক্স এনমেচারকে রিয়ালে নিতে চান মরিনিও

মিডফিল্ডে শক্তি ও গতিশীলতা বাড়াতে জার্মান ফুটবলার ফেলিক্স এনমেচারকে দলে ভেড়াতে আবারও আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। কোচ হোসে মরিনিওর চাওয়াতেই আগামী মৌসুমে তাকে দলে নেওয়ার পরিকল্পনা করছে স্প্যানিশ ক্লাবটি।
গোলের প্রতিবেদন অনুযায়ী, এনমেচার মধ্যে মরিনিও এমন কিছু গুণ দেখেছেন, যা রিয়ালের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে পারে। শারীরিক সামর্থ্য, পুরো মাঠজুড়ে খেলার ক্ষমতা, বল কেড়ে নেওয়া এবং বল পায়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে সামনে এগিয়ে যাওয়ার দক্ষতা—সব মিলিয়ে জার্মান এই মিডফিল্ডারকে পছন্দ পর্তুগিজ কোচের।
এর আগে গত জুনেও এনমেচাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন মরিনিও। তখন তার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবরও নিয়েছিল রিয়াল। এবার মৌসুমে দারুণ শুরুর পর আবারও ক্লাবটির সম্ভাব্য খেলোয়াড় তালিকায় ফিরেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
চলতি বুন্দেসলিগায় ১০ ম্যাচে পাঁচ গোল করেছেন এনমেচা। সম্প্রতি বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ডর্টমুন্ডের জয়সূচক গোলটিও এসেছে তার পা থেকে। ১.৯০ মিটার উচ্চতার এই মিডফিল্ডার চলতি মৌসুমে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫.২১ কিলোমিটার গতিতে ছুটেছেন।
তবে তাকে পেতে সহজ হবে না রিয়ালের পথ। এনমেচার প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের আগ্রহ রয়েছে। ডর্টমুন্ডও তাকে ছাড়তে চায় না। জার্মান ক্লাবটি এই মিডফিল্ডারের দাম প্রায় ৮ কোটি ইউরো নির্ধারণ করেছে। শীতকালীন দলবদলে কেউ তাকে নিতে চাইলে সেই অঙ্ক ১০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।
ভোরের আকাশ/সু.পা