এনসিএল খেলোয়াড় নির্বাচনে থাকছেন না প্রধান নির্বাচক বাশার

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সামনে রেখে দল নির্বাচনের প্রক্রিয়া শেষ হলেও এবারের নির্বাচক প্যানেলে দেখা গেছে ব্যতিক্রমী সিদ্ধান্ত। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করলেও লাল বলের এই আসরে খেলোয়াড় নির্বাচনে থাকছেন না হাবিবুল বাশার সুমন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেন সাবেক এই অধিনায়ক। এরপর জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন কার্যক্রমে নির্বাচক হিসেবে সক্রিয় ছিলেন তিনি।
বাশারের সহকারী হিসেবে নির্বাচক প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন সাবেক দুই ক্রিকেটার নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। এর আগে পুরুষ দলের নির্বাচক প্যানেলে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। তবে গত মাসে তাকে নারী বিভাগের নির্বাচক প্যানেলে স্থানান্তর করা হয়। ফলে পুরুষ দলের নির্বাচক প্যানেলে বর্তমানে রয়েছেন তিনজন।
আগামী মাসে শুরু হওয়ার কথা লাল বলের এনসিএল। এরই মধ্যে টুর্নামেন্টটির খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়াও শেষ হয়েছে। তবে এবারের আসরে দল নির্বাচনের দায়িত্বে প্রধান নির্বাচক বাশার থাকছেন না বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বাশার বলেন, ‘আমাকে আগে থেকেই জানানো হয়েছিল। আলাপ হয়নি, তা নয়—আলাপ করেই সিদ্ধান্ত হয়েছে। হয়তো নতুন যে দুইজন নির্বাচক রয়েছেন, তাদের দেখতে এমন সিদ্ধান্ত হতে পারে। শুধু এই এনসিএলে আমার ইনপুট থাকবে না। এরপরের বিষয়গুলো নিয়ে আলাপ হয়নি। এ ছাড়া এ সময়ে জাতীয় দল নিয়ে তো ব্যস্ততা ছিলই।’
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দেশের বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি। পরে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি।
ভোরের আকাশ/সু.পা