২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

দীর্ঘ ২৪৮১ দিন পর ওয়ানডে ক্রিকেটে 'গোল্ডেন ডাক' বা প্রথম বলেই শূন্য রানে আউট হওয়ার তেতো স্বাদ পেলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।
শনিবার (৩ অক্টোবর) পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ে (মুল্লানপুর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয় পেসার জেইডেন সিলসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
২০১৯ সালের পর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে ফিরলেন ভারতের এই তারকা ব্যাটার। শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি ও দ্বিতীয় ম্যাচে ২৯ করা কোহলির কাছ থেকে তাই আজ আরেকটি বড় ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু ব্যাটিংয়ে নেমেই সিলসের বলে তার অফ স্টাম্প উপড়ে যায়। ওয়ানডেতে এটি কোহলির চতুর্থ গোল্ডেন ডাক। সর্বশেষ ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। ওই ম্যাচে তাকে আউট করেছিলেন ফিরিয়েছিলেন কাইরন পোলার্ড।
এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও ২০১৩ সালে ইংল্যান্ডের টিম ব্রেসনান কোহলিকে ওয়ানডেতে গোল্ডেন ডাকের বিষণ্ন স্বাদ দিয়েছিলেন। ওয়ানডেতে এটি কোহলির ১৯তম ডাক। ভারতীয় ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তার ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ৪৬৩ ওয়ানডেতে শচীনের ডাক ২০টি। কোহলির ৩১৭ ম্যাচে ১৯টি ডাক। ভারতের হয়ে ১৯টি ডাক আছে সাবেক পেসার জাভাগাল শ্রীনাথেরও।
ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি ডাকের রেকর্ড শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়াসুরিয়ার। ৪৪৫ ম্যাচে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
ভোরের আকাশ/আ.র