স্টেডিয়ামের পরিবেশ উন্নয়নে নিরাপত্তাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

দেশের প্রধান ক্রীড়া ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড ও ফুটপাত দখলের মতো সমস্যা দূর করতে এক সপ্তাহের মধ্যে পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তবে সেই সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান পরিবর্তন আসেনি। এবার স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নিরাপত্তাকর্মীদের নির্ধারিত পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছেন প্রতিমন্ত্রী।
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্ব মূলত জাতীয় ক্রীড়া পরিষদের নিরাপত্তাকর্মীরা পালন করেন। এত দিন তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করতেন। আজ জাতীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তাকর্মীদের মধ্যে নির্ধারিত পোশাক ও নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা যখন খেলেছি, তখন স্টেডিয়ামের পরিবেশ যেমন ছিল, এখন দায়িত্ব নিয়েও একই পরিবেশ পেয়েছি। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। মাদক, ছিনতাই, অনৈতিক কর্মকাণ্ড এবং দোকানিদের অবৈধভাবে ফুটপাত ও চলাচলের জায়গা দখল করে রাখার মতো সমস্যা রয়েছে।’
তিনি বলেন, এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়ম গ্রহণযোগ্য হবে না। দায়িত্বে গাফিলতি অথবা কোনো পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হবে।
জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়া ইতিহাসের গৌরবোজ্জ্বল অর্জন ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও খেলাধুলাবান্ধব পরিবেশে সাজানো হবে।
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। ক্রীড়াঙ্গনের বাইরেও বিভিন্ন প্রয়োজনে মানুষ এই এলাকা ব্যবহার করেন। এত গাড়ি ও মানুষের চলাচল পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাকর্মীও নেই। ফলে স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জনবল বাড়ানো ও কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা