ইসরায়েল ম্যাচ বয়কট আয়ারল্যান্ডের গোলরক্ষক বাজুনুর : গোল পোস্ট সামলাবেন ডিফেন্ডার!

ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ নিয়ে আয়ারল্যান্ড দলের ভেতরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত হয়েছে। তবে দলের নিয়মিত গোলরক্ষক গ্যাভিন বাজুনু নিজের অবস্থানে অটল থেকে ম্যাচটি থেকে সরে দাঁড়িয়েছেন।
বাজুনুর অনুপস্থিতিতে উয়েফার নিয়ম মেনে স্কোয়াডে তিন গোলরক্ষক রাখার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আয়ারল্যান্ডের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডিফেন্ডার জিমি ডানকে রাখা হয়েছে।
বাজুনুর সিদ্ধান্তের পর আরও কয়েকজন খেলোয়াড় ম্যাচে অংশ নেওয়া নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনও জানিয়েছেন, দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচটি নিয়ে ভিন্নমত ছিল। শেষ পর্যন্ত দলের হোটেলে প্রায় চার ঘণ্টা আলোচনার পর ভোটাভুটিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা ম্যাচটি খেলার পক্ষে যায়।
উয়েফা নেশনস লিগে রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে হাঙ্গেরির দেবরেসেনের নাগেরদেই স্টেডিয়ামে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ইসরায়েল। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।
ম্যাচে মাঠে নামার সিদ্ধান্ত হলেও গাজা সংঘাত ও এতে নিহতদের স্মরণে কালো বাহুবন্ধনী পরার পরিকল্পনা জানিয়েছে আয়ারল্যান্ড। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) জানিয়েছে, খেলোয়াড়রা ম্যাচে নিজেদের অবস্থান প্রকাশের জন্য কিছু আনুষ্ঠানিকতা এড়িয়ে চলবেন।
বাজুনু নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দেশের প্রতিনিধিত্ব করা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নিরপরাধ মানুষের প্রাণহানির বিরুদ্ধে নীতিগত অবস্থানের কারণে ইসরায়েলের বিপক্ষে খেলতে তিনি রাজি নন।
বাজুনুর অবস্থান প্রকাশের পর দলের নির্ধারিত সংবাদ সম্মেলন ও অনুশীলনেও বিলম্ব হয়। এরপর খেলোয়াড়, কোচিং স্টাফ ও এফএআই কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ খেলোয়াড় ম্যাচটি খেলার পক্ষে মত দেন।
আয়ারল্যান্ড ও ইসরায়েলের ম্যাচটি ঘিরে দেশটিতে আগে থেকেই বয়কটের দাবিতে প্রচারণা ও বিক্ষোভ হয়ে আসছে। ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণার মাধ্যমে ম্যাচ বয়কটের আহ্বান জানানো হয়েছিল। এফএআই এর আগে ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ প্রতিযোগিতার ড্রয়ে আয়ারল্যান্ডকে আলাদা রাখার অনুরোধ করলেও উয়েফা তা প্রত্যাখ্যান করে।
ভোরের আকাশ/সু.পা