স্পিকার হাফিজ উদ্দিনকে লাল গালিচা সংবর্ধনা দিল পাকিস্তান

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সেখানে পৌঁছালে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে স্বাগত জানান।
এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সফরকালে স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।
প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।
ভোরের আকাশ/জেআ