স্থানীয় নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপ স্থগিত

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বঘোষিত সংলাপ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।
চলতি মাসেই তফসিল ঘোষণা করে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। তবে পরীক্ষা এবং অন্যান্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় নভেম্বরে ভোটগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে আপত্তি তৈরি হওয়ায় নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইসিকে। নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কায় এই মুহূর্তে সংলাপ স্থগিত রাখা হয়েছে।
ভোরের আকাশ/আ.র