শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ‘প্রধানের সংরক্ষিত ছুটি’ (ঐচ্ছিক ছুটি) ব্যবহার করলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি উপভোগ করা যাবে।
তবে ২৪ সেপ্টেম্বর সংরক্ষিত ছুটি দেওয়া হবে কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ সেপ্টেম্বরের ছুটির আওতায় থাকবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় সংশোধন আনে। সংশোধিত তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠায়।
শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকার ১৬৩ নম্বর প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
আগের ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি উল্লেখ থাকায় ২৩ সেপ্টেম্বর ছুটি হবে কি না, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চাঁদ দেখার ওপর নির্ভর করে দিবসটির তারিখ নির্ধারিত হওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন ও মাউশির নির্দেশনার মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে।ৎ
ভোরের আকাশ/আ.র