বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে জরুরি বৈঠকটি শুরু হয়। এতে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। ফলে দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির ভেতরে নতুন করে আলোচনা শুরু হতে পারে। এ পদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় রয়েছে।
ভোরের আকাশ/জেআ