রংপুরের পথে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন তিনি।
রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
প্রেস সচিব বলেন, সরকারের নীতি হচ্ছে-‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
সারা দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবার বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সহযোগিতা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের পর দুপুরে রাজশাহীতে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।
পরে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে রাত সোয়া ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতারা।
ভোরের আকাশ /ইউএম