নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে ৯ জন ও একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভোরের আকাশ/ইউএম