বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ চুক্তির খসড়া চূড়ান্ত হবে ডিসেম্বরে

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) চূড়ান্ত করার উদ্যোগ এগিয়ে নিচ্ছে দুই দেশ। আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত করতে একমত হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ বাড়াতে স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ ও পরবর্তী পদক্ষেপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
কোরিয়ান বিনিয়োগ বাড়াতে দেশটির বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগকারীদের নীতিগত ও প্রশাসনিক সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে শিগগিরই যৌথ সমন্বয় সভা আয়োজনের কথা জানান তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালাসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।
এর পরিপ্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন।
এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ