চিন্ময়ের মুক্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে স্মারকলিপি

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কোলকাতায় বিক্ষোভ ও মিছিল করেছে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ভারতের ন্যাশনাল সিটিজেন পার্টির কর্মী-সমর্থকরা।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে প্রায় ১০০ জনের একটি মিছিল শিয়ালদহ রেলস্টেশন থেকে শুরু হয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছাকাছি এলাকায় গেলে পুলিশ তা আটকে দেয়।
এরপরে বিক্ষোভকারীদের মধ্য থেকে পাঁচজন প্রতিনিধিকে পুলিশ চ্যান্সারিতে নিয়ে যায়। সেখানে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সারি ও দ্বিতীয় সচিব তাদের কাছ থেকে একটি স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি হস্তান্তরের সময় দুই সংগঠনের প্রতিনিধিরা দুর্গাপূজা উপলক্ষ্যে অতিরিক্ত বাজেট বরাদ্দ এবং পূজার ছুটি পাঁচ দিন পর্যন্ত বাড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন।
তারা দুর্গাপূজাসহ পরবর্তী সময়েও বাংলাদেশে মন্ত্রী ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি স্বামী চিন্ময় কৃষ্ণের বিষয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত এবং তাকে দ্রুত মুক্তি দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ এনউব