ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সময়োপযোগী তথ্যের প্রচার ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে।
তিনি বিশেষ করে তরুণ সমাজ, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কনটেন্ট, রিলস ও স্টোরি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও শেয়ারের মাধ্যমে ব্যাপক প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমে থাকা পানি পরিষ্কার রাখা ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তাগুলো কনটেন্ট ক্রিয়েটররা সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সবাই এ জাতীয় উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।
আগামী তিন মাসের এই ডিজিটাল ক্যাম্পেইনে সামাজিক যোগাযোগমাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্য ব্যাপকভাবে প্রচার করা হবে। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ